খাগড়াছড়ির গুইমারায় গত বছর সংগঠিত সহিংসতায় ক্ষতিগ্রস্তদের মাঝে সহায়তা সামগ্রী বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
বুধবার সকালে গুইমারা সরকারি মডেল উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে এ কার্যক্রমের উদ্বোধন করেন খাগড়াছড়ির সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ওয়াদুদ ভূইয়া।
সেনাবাহিনীর সিন্দুকছড়ি জোনের উদ্যোগে ক্ষতিগ্রস্তদের দোকানঘর নির্মাণ, হুইলচেয়ার ও শিক্ষা উপকরণ বিতরণ, সোলার ল্যাম্পপোস্ট স্থাপন এবং কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। এছাড়া কারিগরি প্রশিক্ষণ সম্পন্নকারীদের পুরস্কার এবং মেডিকেল ক্যাম্পের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করা হয়।
এসময় প্রধান অতিথির বক্তব্যে ওয়াদুদ ভূইয়া এমপি বলেন, পাহাড়ের সব জনগোষ্ঠীকে মূলধারায় সম্পৃক্ত করা না গেলে এ অঞ্চলে স্থায়ী শান্তি ও উন্নয়ন সম্ভব নয়। তিনি পাহাড়ি বাঙ্গালী সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সকলকে একযোগে কাজ করার আহবান জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো: আনোয়ার সাদাত, সিন্দুকছড়ি জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী নেহাত ফয়সল, লক্ষ্মীছড়ি জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খান সজিবুল ইসলাম এবং পুলিশ সুপার মোরতোজা আলী খানসহ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা।
উল্লেখ্য, গত বছরের এই সময়ে গুইমারার রামসু বাজারে সহিংসতায় তিনজন পাহাড়ি নিহত এবং সেনাবাহিনী, পুলিশ, সাংবাদিকসহ অর্ধশতাধিক ব্যক্তি আহত হন। এ সময় বিভিন্ন বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগের ঘটনাও ঘটে।

