খাগড়াছড়ির গুইমারা রিজিয়নের আওতাধীন সিন্দুকছড়ি জোনের উদ্যোগে এবং সেনাবাহিনীর ২০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির ব্যবস্থাপনায় মাসিক নিরাপত্তা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে সিন্দুকছড়ি জোন সদরে পাহাড়ি এলাকার শান্তি, শৃঙ্খলা ও সার্বিক নিরাপত্তা নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিন্দুকছড়ি জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নেহাত ফয়সাল, পিএসসি, জি।
প্রধান অতিথির বক্তব্যে জোন অধিনায়ক দায়িত্বপূর্ণ এলাকায় শান্তি-শৃঙ্খলা ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি স্থানীয় জনগণের জীবনযাত্রার মানোন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন।
সভায় সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, পানি নিষ্কাশন ও যোগাযোগব্যবস্থার উন্নয়ন, পাহাড় কাটা ও অবৈধ বালু উত্তোলন বন্ধ, কাঠ পাচার, মাদক ও চোরাচালান প্রতিরোধসহ আইনশৃঙ্খলা, শিক্ষা, বিদ্যুৎ, নেটওয়ার্ক ও স্থানীয় জনগণের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করা হয়।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহরাওয়ার্দী, রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজির আলম, মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদ খান, গুইমারা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান উশেপ্রু মারমা, গুইমারা উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম সোহাগ, মানিকছড়ি উপজেলা বিএনপির সভাপতি মো. হাবিবুর রহমান, গুইমারা উপজেলা জামায়াতের আমির মো. রফিকুল ইসলাম ও স্থানীয় প্রিন্ট মিডিয়ার সাংবাদিকসহ গণ্যমান্য ব্যক্তিরা।
বক্তারা পাহাড়ি অঞ্চলের শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে নিরাপত্তা বাহিনীর পাশাপাশি স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও সর্বস্তরের জনগণকে নিয়ে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

