চট্টগ্রামের মীরসরাই উপজেলার কয়লারমুখ সীমান্তে অভিযান চালিয়ে ৬ ভারতীয় গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫ টার সময় রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি)–এর অধীন কয়লার মুখ বিওপির টহলদলের অভিযানে গরুগুলো জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, ব্যাটালিয়ন অধিনায়কের নির্দেশনায় মঙ্গলবার ভোর ৪ টা ২০ মিনিটের সময় কয়লারমুখ বিওপির একটি টহলদল সীমান্ত পিলার ২২০৫/৬ আরবি হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রহমতপুর নামক স্থানে ফাঁদ পেতে থাকে। পরে ভোর সাড়ে ৫ টার দিকে ভারতের দিক হতে ২ চোরাকারবারীকে ৬টি ভারতীয় গরুসহ বাংলাদেশের দিকে আসতে দেখে চোরাকারবারীদের চ্যালেঞ্জ করে দাওয়া দিলে চোরাকারবারীরা গরুগুলো রেখে দ্রুত ভারতের দিকে পালিয়ে যায়।
পরে বিজিবির টহলদল ঘটনাস্থল থেকে ৬টি ভারতীয় গরু জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত গরুর আনুমানিক বাজার মূল্য ৪ লাখ ১০ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।
রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) জানিয়েছে, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। সীমান্ত সুরক্ষা, চোরাচালান দমন, মাদক প্রতিরোধ এবং অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছেন বিজিবির সদস্যরা। পাশাপাশি সীমান্ত এলাকার জনগণকে এসব অপরাধ প্রতিরোধে তথ্য দিয়ে বিজিবিকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

