২০৩ পদাতিক ব্রিগেড এর খাগড়াছড়ি সেনা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ বলেছেন, সম্প্রতি খাগড়াছড়িতে ধর্ষণের অভিযোগের ঘটনাকে পুঁজি করে পার্বত্য চট্টগ্রামকে অশান্ত করার পরিকল্পনা করছে আঞ্চলিক সশস্ত্র সংগঠন ইউপিডিএফ।
আজ মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকালে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে একথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, পার্বত্য চট্টগ্রামকে অস্থিতিশীল করার চেষ্টা পূর্ব পরিকল্পিত এবং বৃহৎ পরিকল্পনার অংশ।
জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে তিনি বলেন, সামনে দেশের অনেক বড় কিছু বিষয় রয়েছে। যেগুলো বানচালের জন্য ইউপিডিএফ পরিকল্পিত ভাবে এ ধরণের ঘটনা ঘটিয়ে যাচ্ছে।
সাম্প্রতিক ঘটনা সম্পর্কে তিনি বলেন, পূর্ব পরিকল্পনা অনুযায়ী বহিরাগত সন্ত্রাসীদের দিয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পুরো শহর সংঘর্ষে লিপ্ত হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শহরের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পর সন্ত্রাসীরা গুইমারায় গিয়ে সংঘর্ষ ও গুলির ঘটনায় ৩ জন নিহতের ঘটনা ঘটে। এর জন্য দায়ী ইউপিডিএফ।
এদিকে তৃতীয় দিনের মতো খাগড়াছড়ি শহরে ও গুইমারায় ১৪৪ ধারা অব্যাহত রয়েছে। বিশেষ তৎপরতায় রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শহরে ঢুকতে-বের হতে তল্লাশি করা হচ্ছে। খাগড়াছড়ি থেকে চট্টগ্রাম ও ঢাকা সড়কে জুম্ম ছাত্র-জনতার ব্যানারে ডাকা অবরোধ শিথিল থাকলেও চলছে না কোনো অভ্যন্তরীন বা দুরপাল্লার গাড়ি।

