খাগড়াছড়িসহ তিন পার্বত্য জেলায় জুম্ম ছাত্র-জনতার ব্যানারে ডাকা অনির্দিষ্ঠকালের অবরোধ আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ১২টা থেকে চট্টগ্রাম-ঢাকা সড়কে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত অবরোধ শিথিল ঘোষণা করেছে, জুম্ম ছাত্র-জনতা।
সকালে (২৯ সেপ্টেম্বর) জুম্ম ছাত্র-জনতার অফিসিয়াল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক পেইজ থেকে এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়। চট্টগ্রাম-ঢাকা সড়ক বাদে বাকি সবজায়গায় নিয়মিত অবরোধ চলবে বলেও বিবৃতিতে নিশ্চিত করা হয়।
অবরোধ শিথিল হওয়ার পর থেকেই খাগড়াছড়ি বিভিন্ন টিকিট কাউন্টারে যাত্রীদের ভীড় লক্ষ করা যায়। শহর থেকে দূরপাল্লার বাস, মাইক্রো সহ অনান্য গাড়িগুলো দুপুর ১২টার পর থেকে ছেড়ে যেতে শুরু করেছে। যাত্রীদের মধ্যে বেশিরভাগই খাগড়াছড়ি, সাজেক সহ বিভিন্ন জায়গায় ভ্রমণে আসা পর্যটক।
তিনদিন ধরে আটকে থাকা পর্যটক সহ বেশ কয়েকজন যাত্রীর সাথে কথা হলে তারা এই প্রতিবেদককে জানায়, আমরা দেশের বিভিন্ন জায়গা থেকে খাগড়াছড়ি ও সাজেকে ভ্রমনের জন্য আসলে অবরোধের কারণে আটকে যাই। সাজেক থেকে সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয় প্রশাসনের সহযোগিতায় খাগড়াছড়িতে আসি। ঢাকা-চট্টগ্রাম সড়কে অবরোধ শিথিল হওয়ায় সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয় প্রশাসনের সহযোগিতায় আমারা নিজ গন্তব্য স্থানে যাওয়ার জন্য রওনা হচ্ছি। তবে যেকোনো ধরনের ভোগান্তি এড়াতে, পাহাড়ের শান্তি, সম্প্রীতি, পর্যটন, অর্থনীতির চাকা সচল রাখার জন্য অবরোধ ও সহিংসতায় না জড়িয়ে সকলের সমন্বয়ে শান্তি স্থাপন করার অনুরোধ জানান তারা।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্র জানায়, খাগড়াছড়ি, শহর, পৌর শহর সহ প্রতিটি উপজেলায় যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে তৎপর রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। অবরোধের কারণে যে সমস্ত পর্যটক ও যানবাহন আটক পড়েছিলো, তাদেরকে নিরাপদে গন্তব্যে পৌঁছাতে সার্বিক সহযোগিতা অব্যাহত রয়েছে।

