খাগড়াছড়িতে স্কুলছাত্রী ধর্ষণের ঘটনার প্রতিবাদে আন্দোলন ও সহিংসতার পেছনে ইন্ধন রয়েছে বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। অবৈধ অস্ত্র হাতে মাঠে নেমে ১৪৪ ধারা ভঙ্গকারীদের গ্রেফতারের নির্দেশও দেন তিনি।
রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুরে খাগড়াছড়িতে স্কুলছাত্রী ধর্ষণ ও পরবর্তী অবরোধকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনাপূর্ণ পরিস্থিতি মোকাবিলায় বিশেষ আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা।
পার্বত্য উপদেষ্টা আরো বলেন, সরকারের কাছে প্রধান চ্যালেঞ্জ হলো নির্বাচন বাস্তবায়ন করা। আন্দোলনের নামে সহিংসতা তৈরি করে একটি পক্ষ নতুন নতুন ইস্যু তৈরি করে নির্বাচনকে বাধাগ্রস্তের চেষ্টা করছে।
উপদেষ্টা বলেন, পাহাড়ে শুধু সরকারি বাহিনীর কাছেই অস্ত্র থাকবে। এর বাইরে কারও কাছে অস্ত্র থাকতে পারবে না। চাঁদাবাজির কারণেই এ এলাকায় উন্নয়নে ব্যাঘাত সৃষ্টি হচ্ছে। প্রশাসনকে এ বিষয়ে আরও কঠোর অবস্থান নিতে হবে।
খাগড়াছড়ির জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকারের সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, সেনাবাহিনীর সদর জোন কমান্ডার লেফট্যানেন্ট কর্নেল মো. খাদেমুল ইসলাম, পুলিশ সুপার আরেফিন জুয়েল, উপজাতীয় নেতা রবি শংকর তালুকদার ও খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আবছার ছাড়াও রাজনৈতিক ও সামাজিক নেতারা বক্তব্য রাখেন।

