পার্বত্য চট্টগ্রামে নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি এলাকার সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নেও সেনাবাহিনী সমানভাবে কাজ করছে বলে মন্তব্য করেছেন, সেনাবাহিনীর ২০৩ ব্রিগেড এর খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে খাগড়াছড়ি সদর সেনা জোনের রেজামনি পাড়া আর্মি ক্যাম্পের আওতাধীন ৪ নং লতিবান ইউপি’র দুর্গম রেজামনি পাড়া ও কারিগর পাড়ায় সেনাবাহিনী প্রধানের উপহার সোলার প্যানেলের মাধ্যমে বিশুদ্ধ খাবার পানি সরবরাহ প্রকল্প বাস্তবায়ন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, সেনাবাহিনী পাহাড়ে আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ অবকাঠামো, পরিবেশ সংরক্ষণ ও দারিদ্র জনগোষ্ঠীর কল্যাণে নানা উদ্যোগ নিয়ে কাজ করছে। সেনাবাহিনীকে শুধু নিরাপত্তার বাহিনী হিসেবে নয়, উন্নয়ন সহযোগী হিসেবেও দেখতে হবে। পাহাড়ের মানুষ শান্তি ও উন্নয়ন চায়। সেনাবাহিনী সেই লক্ষ্যকে সামনে রেখে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের সঙ্গে সমন্বয় করে কাজ করে যাচ্ছে। উন্নয়ন কার্যক্রম অব্যাহত থাকলে পাহাড় হবে সমৃদ্ধির ঠিকানা।
এছাড়াও তিনি উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন, অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাস রেখে উন্নয়ন ও শান্তি রক্ষায় সেনাবাহিনীর সহযোগী হতে হবে। তাহলেই পাহাড়ের ভবিষ্যৎ উজ্জ্বল হবে।
এ সময় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, সদর জোন অধিনায়ক লে. কর্ণেল খাদিমুল ইসলাম, পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল, জেলা প্রশাসক এবি এম ইফতেখারুল ইসলাম খন্দকার, খাগড়াছড়ি সেনা রিজিয়নের জিএসও-২ মেজর কাজী মোস্তফা আরেফিন, জেলা পরিষদের সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ২৯ মার্চ ২০২৫ তারিখে খাগড়াছড়ি সদর জোনের আওতাধীন দুর্গম রেজামনি পাড়া আর্মি ক্যাম্প পরিদর্শন করেন, বাংলাদেশ সেনাবাহিনী প্রধান। তখন স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় করেন তিনি। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা তাঁদের সুবিধা-অসুবিধার কথা তুলে ধরেন এবং বিশুদ্ধ খাবার পানি সরবরাহ ব্যবস্থার কথা জানান। তারই ন্যায় সেনাবাহিনী প্রধানের উপহার হিসেবে দুর্গম রেজামনি পাড়া ও কারিগরি পাড়ায় সোলার প্যানেলের মাধ্যমে বিশুদ্ধ খাবার পানি সরবরাহের প্রকল্প বাস্তবায়ন করা হয়। এ প্রকল্পের আওতায় রেজামনি পাড়ায় ৩১টি পরিবার, কারিগর পাড়ায় ৮৬টি সহ মোট ১১৭টি পরিবারের ৬ শতাধিক মানুষ সুবিধা ভোগ করছে।
এলাকাবাসীর পক্ষে ৪ নং লতিবান ইউপি চেয়ারম্যান ভূমিধর রোয়াজা বলেন, দুর্গম রেজামনি পাড়া এবং কারিগর পাড়ার লোকজন দীর্ঘদিন ধরে বিশুদ্ধ খাবার পানি থেকে বঞ্চিত ছিলো। সম্মানিত সেনাবাহিনী প্রধান কথা দিয়েছিলেন, আমাদের জন্য বিশুদ্ধ খাবার পানি সরবরাহের ব্যবস্থা করবেন। সেনাবাহিনী প্রধান কথা রেখেছেন এবং বিশুদ্ধ খাবার পানি সরবরাহ প্রকল্প বাস্তবায়ন হওয়ায় আমরা খুবই আনন্দিত এবং বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞ।

