পার্বত্য জেলা খাগড়াছড়ির, রাঙ্গামাটি ও বান্দরবান জেলার বাজার ফান্ডের আওতাধীন জমি বন্ধক রেখে সহজ শর্তে পূণরায় ঋণ চালু ও বন্ধকী মেয়াদ বৃদ্ধির দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছে, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি) খাগড়াছড়ি জেলা শাখার নেতৃবৃন্দরা।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে সংগঠনের কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দরা জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে এ স্মারকলিপি জমা দেন।
পিসিসিপি’র কেন্দ্রীয় সভাপতি মো. শাহাদাত হোসেন কায়েস এবং সাধারণ সম্পাদক মো. হাবিব আজম এর স্বাক্ষরিত স্মারকলিপিতে বলা হয়, পার্বত্য চট্টগ্রামের বাঙালি জনগোষ্ঠীর বড় অংশ বাজার ফান্ডের জমির ওপর নির্ভরশীল হলেও এসব জমির কোন প্রকার আর্থিক নিরাপত্তা না থাকায় তারা ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ সুবিধা পান না। ফলে জীবিকা নির্বাহ, ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ কিংবা কৃষি উন্নয়নে তারা পিছিয়ে পড়ছেন।
পিসিসিপি’র নেতৃবৃন্দরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে বাজার ফান্ড জমি ইস্যুকে উপেক্ষা করা হচ্ছে। অথচ এসব জমি ক্রয়-বিক্রয় ও উত্তরাধিকার সূত্রে হস্তান্তরযোগ্য হলেও ব্যাংক কর্তৃপক্ষ বন্ধক গ্রহণ করছে না। তারা বলেন, সরকারিভাবে বাজার ফান্ড জমিকে ব্যাংক ঋণের আওতায় আনলে পার্বত্য চট্টগ্রামের বাঙালি ব্যবসায়ী ও কৃষক সমাজ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারবে।
স্মারকলিপিতে আরও উল্লেখ করা হয়, বর্তমানে স্থানীয় ব্যবসায়ীরা চড়া সুদে এনজিও ঋণ গ্রহণে বাধ্য হচ্ছেন, যা তাদের দারিদ্র্য আরও বাড়াচ্ছে। তাই সরকারিভাবে ব্যাংক-ঋণ সুবিধা চালুর বিকল্প নেই।
স্মারকলিপি প্রদানকালে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মো. শাহাদাত হোসেন কায়েস সহ জেলা কমিটির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
তারা আশা প্রকাশ করেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তাদের ন্যায্য দাবি দ্রুত বিবেচনা করে বাজার ফান্ড জমিকে ব্যাংক ঋণ সুবিধার আওতায় আনার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন।

