গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাব হত্যার প্রতিবাদে ও দোষীদের দ্রুত গ্রেফতারপূর্বক বিচারের দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে জেলা-উপজেলার পেশাজীবি সাংবাদিকবৃন্দ।
শুক্রবার (৮ আগস্ট) দুপুরে খাগড়াছড়ি প্রেসক্লাব প্রাঙ্গণে এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। মিছিলটি প্রেস ক্লাবের সামনে থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রেস ক্লাবের সামনে এসে প্রতিবাদ সমাবেশ করে। সমাবেশে জেলা-উপজেলার সকল পেশাজীবী সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন।
সমাবেশে, খাগড়াছড়ি প্রেস ক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য, সহ-সভাপতি জহুরুল আলম, সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল, সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাহরিয়ার ইউনুস সহ অনেকেই বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যা করে দুর্বৃত্তরা গণমাধ্যম ও মুক্ত চিন্তার ওপর নগ্ন হামলা চালিয়েছে। এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তাঁরা।
সমাবেশে বক্তারা আরও বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, এর পাশাপাশি দেশে মত প্রকাশের স্বাধীনতা বজায় রাখতে হবে বলে দাবি জানান তাঁরা।

