জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান স্মরণে খাগড়াছড়িতে আহত ও শহীদ পরিবারের সদস্যদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে প্রতীকী ম্যারাথন। খাগড়াছড়ি জেলা প্রশাসন এই ম্যারাথনের আয়োজন করে।
আজ (১৮ জুলাই) শুক্রবার সকাল ৭ টায় জেলা সদরের চেঙ্গী স্কয়ার থেকে জেলা প্রশাসক এবি এম ইফতেখারুল ইসলাম খন্দকারের সভাপতিত্বে এর উদ্বোধন করেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা। পরে সেখান থেকে শুরু হওয়া এই প্রতীকী ম্যারাথন খাগড়াছড়ি জেলা স্টেডিয়ামে গিয়ে শেষ হয়।
ম্যারাথনে আহত ও শহীদ পরিবারের সদস্যরা ছাড়াও বিভিন্ন বয়সের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়। ম্যারাথনে অংশগ্রহণকারীরা এই উদ্যোগকে স্বাগত জানান এবং ভবিষ্যতে এ ধরনের আরও আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন।
ম্যারাথনে অংশগ্রহণকারী কলেজ শিক্ষার্থী তাইজুল ইসলাম বলেন, গত জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে যারা আহত ও শহীদ হয়েছেন, তাঁদের স্মরণে এই ম্যারাথনে অংশগ্রহণ করতে পেরে খুব ভালো লাগতেছে। এমন আয়োজন ভবিষ্যতেও আমরা চাই।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন খাগড়াছড়ির একজন প্রতিনিধি বলেন, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে হাজারো ছাত্র জনতা ও সাধারণ মানুষের ত্যাগের মাধ্যমে বৈষম্য ও দুর্নীতি মুক্ত যে নতুন স্বাধীনতা অর্জন করেছি, সেটি যেন বিনষ্ট না হয়। আমরা জুলাই-আগস্টকে ধারণ করে আগামীর বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশ গড়তে চাই। সকল বৈষম্যকে পেছনে ফেলে আগামীর বাংলাদেশ সুখী ও সমৃদ্ধি দিকে এগিয়ে যাবে এটাই আমাদের প্রত্যাশা।
খাগড়াছড়ির জেলা প্রশাসক এবি এম ইফতেখারুল ইসলাম খন্দকার বলেন, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আমরা নানা কর্মসূচি গ্রহণ করেছি। এরই ধারাবাহিকতায় জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যদের নিয়ে এই প্রতীকী ম্যারাথনের আয়োজন করা হয়।

