রাঙামাটি জেলার বাছাইছড়ি উপজেলার সাজেক পর্যটন কেন্দ্রে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে গৃহ নির্মান সামগ্রী (টিন) বিতরণ করেছে খাগড়াছড়ি রিজিয়নের বাঘাইহাট সেনা জোন।
মঙ্গলবার (২৭মে) দুপুরে সাজেকের রুইলুই পর্যটন কেন্দ্রের সাজেক রিসোর্টের সামনে ক্ষতিগ্রস্তদের হাতে এ সহায়তা তুলে দেন, বাঘাইহাট সেনা অধিনায়ক লে. কর্ণেল মো. মাসুদ রানা (পিএসসি)।
এসব সহায়তা বিতরণ শেষে তিনি বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে সেনাবাহিনীর পক্ষ থেকে নির্মাণসামগ্রী বিতরণ করা হয়েছে। ভবিষ্যতেও সেনাবাহিনীর পক্ষ থেকে এমন সহযোগী উদ্যোগ অব্যাহত থাকবে।
এছাড়াও সাজেকে একটি ফায়ার সার্ভিস স্টেশন, হাসপাতাল এবং পর্যাপ্ত পানি সরবরাহ ব্যবস্থা নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।
এছাড়াও তিনি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর কতৃক আয়োজিত ৩ দিনব্যাপী স্থানীয়দেরকে অগ্নি নির্বাপণ, অনুসন্ধান, উদ্ধার ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক সেচ্ছাসেবক প্রশিক্ষণের উদ্বোধন করেন। যেখানে ৪০ জন সেচ্ছাসেবক প্রশিক্ষণ গ্রহনে অংশগ্রহণ করেন।

