“যুবকদের একটি সুস্পষ্ট লক্ষ্য নির্ধারণ করে সেই পথে একাগ্রভাবে এগিয়ে যেতে হবে। সমাজের উন্নয়নে যুবশক্তির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ,” বললেন মাটিরাঙ্গা যুব উন্নয়ন কর্মকর্তা শেখ আশরাফ উদ্দিন। সম্প্রতি আদর্শ গ্রাম যুবক একতা স্পোটিং ক্লাবের অডিট অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। অনুষ্ঠানটি ১১ই মে, ২০২৫ (রবিবার) সকাল ১০ ঘটিকায় অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে ক্লাবের ১৫ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়। ক্লাবের বর্তমান সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ মনির হোসেন ক্লাবের সার্বিক কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত ধারণা দেন। তিনি বলেন, “আমাদের ক্লাব যুব সমাজকে একত্রিত করে খেলাধুলা ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে একটি সুস্থ ও সমৃদ্ধ সমাজ গঠনে বদ্ধপরিকর।”
ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম তাদের বাৎসরিক কার্যক্রমের লক্ষ্যমাত্রা উপস্থাপন করেন। শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়া ক্ষেত্রে তাদের বিভিন্ন উদ্যোগের কথা তিনি তুলে ধরেন। অনুষ্ঠানে ক্লাবের অন্যান্য সদস্যরাও তাদের মূল্যবান বক্তব্য প্রদান করেন।
সকলের বক্তব্য মনোযোগ সহকারে শুনে যুব উন্নয়ন কর্মকর্তা শেখ আশ্রাফ উদ্দিন সন্তুষ্টি প্রকাশ করেন। তিনি বলেন, “আদর্শ গ্রাম যুবক একতা স্পোটিং ক্লাবের এই উদ্যোগ সত্যিই প্রশংসার যোগ্য। যুবকদের সামাজিক কার্যক্রমে আরও বেশি করে সম্পৃক্ত হওয়া উচিত।” তিনি যুবকদের যে কোনো প্রয়োজনে যুব উন্নয়ন অফিসের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল ক্লাবের পক্ষ থেকে শেখ আশ্রাফ উদ্দিনকে ফুলের পরিবর্তে একটি বৃক্ষ উপহার দিয়ে বরণ করে নেওয়া এবং একটি শুভেচ্ছা স্মারক প্রদান করা। ক্লাবের কার্যকরী কমিটির সদস্যরা এই ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেন, যা পরিবেশ সচেতনতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে।
শেখ আশরাফ উদ্দিন আরও বলেন, “এই ক্লাবের সদস্যরা যেভাবে ঐক্যবদ্ধভাবে কাজ করছে, তা অন্যান্য যুবকদের জন্য অনুকরণীয়। যুবরাই জাতির ভবিষ্যৎ এবং তাদের সম্মিলিত প্রচেষ্টা একটি সুন্দর সমাজ নির্মাণে সহায়ক হবে।” তিনি ক্লাবের উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং সমাজের উন্নয়নে তাদের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ক্লাবের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠানটি একটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

