ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর আগ্রাসনের প্রতিবাদে এবং বিশ্বব্যাপী মজলুম গাজাবাসীদের আহুত হরতালের সমর্থনে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ এপ্রিল) খাগড়াছড়ির সর্বস্থরের মুসলিম উম্মাহর ব্যানারে সকাল ১১টায় শহরের চেঙ্গী স্কয়ার থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শাপলা চত্বর সংলগ্ন মুক্তমঞ্চে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যদিয়ে শেষ হয়।
মিছিলে অংশগ্রহণকারীরা এ সময় বিভিন্ন স্লোগান দিতে থাকেন। তারা “ফিলিস্তিনে হামলা কেন জাতিসংঘ জবাব চাই”, “বিশ্ব মুসলিম ঐক্য গড়, ফিলিস্তিন স্বাধীন কর” বলে স্লোগান দেন।
সমাবেশে বক্তারা বলেন, গাজাবাসীসহ বিশ্বের মুসলিম উম্মাহ প্রতিনিয়ত নৃশংস হত্যা, নির্যাতন ও নিপিড়নের স্বীকার হচ্ছে। লজ্জার বিষয় আমরা এখনো এই বর্বরতার বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তুলতে পারিনি। গাজাসহ বিশ্বে মুসলিম উম্মাহদের বিরুদ্ধে যা হচ্ছে তা প্রতিরোধে আন্তর্জাতিক মহলের কার্যকর পদক্ষেপ গ্রহণ করার বিকল্প নেই।
এছাড়াও জেলার দীঘিনালা উপজেলা সহ বিভিন্ন উপজেলায় গাজায় ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

