বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল) এর উদ্যোগে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর নাম পরিবর্তন করে ‘বাংলাদেশ স্যাটেলাইট-১’ (বিএস-১) রাখা হচ্ছে। এছাড়া, সজীব ওয়াজেদ জয়ের নামে থাকা কয়েকটি স্থাপনার নামও পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উপদেষ্টা পরিষদের এক পূর্ববর্তী বৈঠকে সিদ্ধান্ত হয়, ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে অভ্যুত্থানের সময় ক্ষমতায় থাকা সরকারের সঙ্গে জড়িত ব্যক্তিদের নামে থাকা সকল সরকারি সংস্থা, প্রতিষ্ঠান ও স্থাপনার নাম বাতিল করা হবে। এই সিদ্ধান্তের আলোকে, সকল মন্ত্রণালয় ও বিভাগ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।
বিএসসিএল সূত্রে জানা যায়, নাম পরিবর্তনের বিষয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগে ইতোমধ্যে একটি চিঠি পাঠানো হয়েছে। এছাড়াও, গাজীপুরের ‘সজীব ওয়াজেদ উপগ্রহ ভূকেন্দ্র’ এবং বেতবুনিয়ার ‘সজীব ওয়াজেদ উপগ্রহ ভূকেন্দ্র’-এর নাম পরিবর্তন করে যথাক্রমে ‘প্রাইমারি উপগ্রহ ভূকেন্দ্র, গাজীপুর’ এবং ‘সেকেন্ডারি উপগ্রহ ভূকেন্দ্র, বেতবুনিয়া’ রাখা হবে।
বিএসসিএল-এর একজন মুখপাত্র, ওমর হায়দার জানান, উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী নাম পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে এবং আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে।

