খুব অল্প সময়ের মধ্যেই সাজেকের চলমান সংকট নিরসন হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন খাগড়াছড়ির সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া। অবরোধকারীদের পাঁচ দফা দাবির মধ্যে চারটি নিয়ে সমঝোতা হয়েছে। বাকি একটি দাবির বিষয়েও আগামী দু-এক দিনের মধ্যে সমঝোতায় পৌঁছানো সম্ভব হবে বলে জানিয়েছেন তিনি।
সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যা ৭টায় খাগড়াছড়ি সার্কিট হাউসে সাজেকের চলমান পরিস্থিতি নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া।
এর আগে সাজেকের পরিস্থিতি স্বাভাবিক করা এবং সড়ক যোগাযোগ সচল করতে প্রশাসনের সঙ্গে আড়াই ঘণ্টা বৈঠক করেন তিনি। বৈঠকে চলমান সংকট নিরসনে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
প্রসঙ্গত, সাজেকের চলমান পরিস্থিতি নিয়ে প্রশাসনের সঙ্গে দুই দফা বৈঠক হলেও সংকটের পূর্ণাঙ্গ সমাধান হয়নি। এদিকে অবরোধকারীদের তৃতীয় দফায় ডাকা অনির্দিষ্টকালের সড়ক অবরোধের কারণে পঞ্চম দিনেও অবরুদ্ধ রয়েছে সাজেক। এতে পর্যটনসহ স্থানীয় বিভিন্ন কার্যক্রম ব্যাহত হচ্ছে।
তবে পাঁচ দফা দাবির মধ্যে চারটিতে সমঝোতা হওয়ায় বাকি দাবিটির বিষয়েও দ্রুত সমাধান আসবে বলে আশা করছেন সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া।

