“দশ লাখ রুফটপ সোলার, দশ লাখ কর্মসংস্থান” কর্মসূচি বাস্তবায়নে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সক্রিয় অংশগ্রহণ ও নীতিগত সহায়তার দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন ও স্বারকলিপি প্রদান করেছে ফোরাম অন ইকোলজি অ্যান্ড ডেভেলপমেন্ট (FED) ও জাবারাং কল্যাণ সমিতি।
রবিবার (২২ ফেব্রুয়ারি) সকালে জেলা সদরের বাজার ফান্ড কার্যালয়ের সামনে আয়োজিত মানববন্ধনে সংগঠনের নেতাকর্মী, পরিবেশকর্মী ও সচেতন নাগরিকরা অংশ নেন। মানববন্ধন শেষে পৌর প্রশাসক সাজিয়া তাহেরের মাধ্যমে সরকারের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফোরাম অন ইকোলজি অ্যান্ড ডেভেলপমেন্ট (FED)-এর সভাপতি অরুন কান্তি চাকমা।
বক্তারা বলেন, একটি বৈষম্যহীন ও পরিবেশবান্ধব নতুন বাংলাদেশ গড়ার এই সন্ধিক্ষণে জ্বালানি নিরাপত্তা ও টেকসই উন্নয়ন নিশ্চিত করা সময়ের দাবি। জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরশীলতা কমিয়ে নবায়নযোগ্য জ্বালানির প্রসার ঘটাতে হলে রুফটপ সোলার প্রকল্পকে জাতীয় অগ্রাধিকার দিতে হবে।
তারা তাদের সুনির্দিষ্ট দাবিসমূহ তুলে ধরে বলেন-রুফটপ সোলার খাতে সরকারি বরাদ্দ বৃদ্ধি, ভর্তুকি সম্প্রসারণ ও প্রয়োজনীয় সরঞ্জামে শুল্ক মওকুফ করতে হবে।
স্থানীয় সরকার আইন ২০০৯ অনুযায়ী পৌরসভা ও সিটি কর্পোরেশনের মাধ্যমে নিজস্ব সৌর বিদ্যুৎ উৎপাদন কোম্পানি বা যৌথ উদ্যোগ (JV) গঠনের সুযোগ সৃষ্টি করতে হবে।
সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে উৎসাহিত করতে প্রণোদনা ও সহজ ঋণের ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
বক্তারা আরও বলেন, “আমাদের এবারের মূল দাবি,স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে রুফটপ সোলার বাস্তবায়নে সক্রিয় করা এবং সরকারি নীতিমালায় সৌর বিদ্যুৎ খাতকে অগ্রাধিকার দেওয়া।”
তারা জ্বালানি ন্যায়বিচার নিশ্চিত ও একটি সবুজ পৃথিবী গড়ার লক্ষ্যে সকলের ঐক্যবদ্ধ উদ্যোগ কামনা করেন। টেকসই ও পরিবেশবান্ধব খাগড়াছড়ি গড়তে সরকারি-বেসরকারি সব পর্যায়ের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, নবায়নযোগ্য জ্বালানি খাতের প্রসার শুধু পরিবেশ সুরক্ষাই নয়, কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে।
জাবারাং কল্যাণ সমিতি’র প্রোগ্রাম ম্যানেজার দয়ানন্দ ত্রিপুরা, ফোরাম অন ইকোলজি অ্যান্ড ডেভেলপমেন্ট (FED)’র সাধারণ সম্পাদক ইখিন চৌধুরী,শ্যামল রোজারিও,নুরুল আলমসহ আরও অনেকে।

