রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে দুষ্কৃতিকারীদের দ্বারা ফাইবার অপটিক কেবল কেটে দেওয়ার কারণে টানা ছয়দিন মোবাইল নেটওয়ার্ক বিচ্ছিন্ন থাকার পর অবশেষে যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক হয়েছে। সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়নের বাঘাইহাট জোনের দ্রুত কার্যকর ও সমন্বিত পদক্ষেপে এই সমস্যা সমাধান হওয়ায় স্থানীয় জনগণ, পর্যটক ও ব্যবসায়ীদের মধ্যে স্বস্তি ফিরেছে।
গত ১০ নভেম্বর- ২০২৫ সন্ধ্যা ৫টা ৩০ মিনিটে সাজেকের শুকনোছড়া ও করেঙ্গাতলী এলাকায় ফাইবার কেবল কেটে দেওয়ার পর পুরো সাজেক ইউনিয়নসহ বঙ্গলতলীর বেশ কয়েকটি এলাকা নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে পড়ে। এতে স্থানীয়দের দৈনন্দিন জীবনযাত্রা ব্যাহত হয়, ব্যবসায়ীরা অনলাইন লেনদেন, বুকিং ও পেমেন্টে সমস্যায় পড়েন। অভিভাবকরা দূরে থাকা সন্তানদের সঙ্গে যোগাযোগ করতে না পেরে দুশ্চিন্তায় থাকেন। অন্যদিকে, সাজেকে অবস্থানরত পর্যটকরা নিরাপত্তা ও পরিবারের সঙ্গে যোগাযোগ না করতে পেরে আতঙ্কিত হয়ে পড়েন।
এরপর ১৬ নভেম্বর- ২০২৫ দুপুর ৩টা ৫০ মিনিটে বাঘাইহাট জোনের ভারপ্রাপ্ত জোন কমান্ডার মেজর এম এম জিল্লুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে সেনাবাহিনীর স্কট টিম দুর্গম শুকনোছড়া এলাকায় পৌঁছে ক্ষতিগ্রস্ত কেবল সনাক্ত করে দ্রুত মেরামত কার্যক্রম সম্পন্ন করে। তাদের সফল অভিযানে পুনরায় নেটওয়ার্ক সচল হয়।
নেটওয়ার্ক ফিরে আসায় সাজেকজুড়ে স্বস্তি নেমে এসেছে। স্থানীয়রা সেনাবাহিনীর এই উদ্যোগকে “সময়সাপেক্ষ ও জনবান্ধব পদক্ষেপ” হিসেবে অভিহিত করেছেন।

