খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত নয় মাইল ত্রিপুরা পাড়া উচ্চ বিদ্যালয়ে শিক্ষার এক অনন্য মিলনমেলায় পরিণত হয়েছে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ, অভিভাবক সমাবেশ এবং শিক্ষার পরিবেশ উন্নয়নে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠান।
বুধবার (৩১ ডিসেম্বর) সকালে বিদ্যালয়ের হিরন্ময় স্মৃতি পাঠাগার ভবনে আয়োজিত এ অনুষ্ঠানে খাগড়াছড়ি জেলা পরিষদের পক্ষ থেকে শিক্ষার্থীদের জন্য ডেস্কটপ কম্পিউটার, বেঞ্চ, চেয়ার ও টেবিল বিতরণ করা হয়।
বিদ্যালয়ের নির্বাহী কমিটির সভাপতি সূর্যব্রত ত্রিপুরা’র সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য ধনেশ্বর ত্রিপুরা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপু ত্রিপুরা, উদ্যোক্তা কমিটির সভাপতি কৃষ্ণ কিশোর ত্রিপুরা, সমাজকর্মী সোহেল ত্রিপুরাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সহকারী শিক্ষক লাইফশ্রী ত্রিপুরা’র প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় অতিথিরা শিক্ষার গুরুত্ব এবং ভবিষ্যৎ সমাজ বিনির্মাণে শিক্ষার্থীদের ভূমিকা নিয়ে গভীর ও অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন।
বক্তারা বলেন, “আমাদের শৈশবে আধুনিক শিক্ষার সুযোগ-সুবিধা ছিল সীমিত। আজকের শিক্ষার্থীরা ডিজিটাল ক্লাসরুম, আধুনিক পাঠাগার ও প্রযুক্তিনির্ভর শিক্ষার সুবিধা পাচ্ছে—এটি সময়ের এক বড় অর্জন। এই সুযোগকে কাজে লাগিয়ে শিক্ষার্থীদের দক্ষ, মানবিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।”
আলোচনা সভা শেষে প্রধান অতিথি ধনেশ্বর ত্রিপুরা জেলা পরিষদের পক্ষ থেকে শিক্ষার্থীদের জন্য ডেস্কটপ কম্পিউটার, বেঞ্চ, চেয়ার ও টেবিল বিতরণ করেন। পাশাপাশি তিনি বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন এবং শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে ভবিষ্যতেও বিভিন্ন ধরনের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।

