সীমান্ত এলাকাজুড়ে মাদক চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ, নারী ও শিশু পাচারসহ বিভিন্ন অপতৎপরতা প্রতিরোধে খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালা উপজেলার দুর্গম বাবুছড়া ইউপিতে জনসচেতনতামূলক আলোচনা সভার আয়োজন করেছে, বর্ডার গার্ড বাংলাদেশ খাগড়াছড়ি সেক্টরের বাবুছড়া ব্যাটালিয়ন (৭ বিজিবি)।
মঙ্গলবার (২৫ নভেম্বর-২০২৫) দুপুরে ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, সাংবাদিক ও সাধারণ মানুষ অংশ নেন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৭ বিজিবির নবাগত অধিনায়ক লে. কর্ণেল ইসতিয়াক আহাম্মদ ইবনে রিয়াজ। তিনি সীমান্ত সুরক্ষায় জনগণের সহযোগিতার গুরুত্ব তুলে ধরে বলেন, “মাদক ও নারী-শিশু পাচার শুধু পরিবার নয়, পুরো সমাজকে ধ্বংস করে দেয়। এসব অপরাধ রোধে বিজিবি আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করে।”
অনুষ্ঠানে বক্তারা বলেন, সীমান্ত এলাকায় এখনো চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ ও মানবপাচার চক্র সক্রিয় রয়েছে। তাই জনগণের সচেতনতা এবং তথ্য দিয়ে সহযোগিতা করলে এ ধরনের অপরাধ অনেকাংশেই কমে আসবে। সভায় পাহাড় ও বনাঞ্চলে কৃত্রিমভাবে হাতিয়ার কোকারোড তৈরি এবং সন্ত্রাসী গোষ্ঠীর উপস্থিতির বিষয়েও সতর্ক করা হয়।
এ সময় ৭ বিজিবির ভারপ্রাপ্ত এ্যাডজুটেন্ট ক্যাপ্টেন এম. আবদুল্লা, সহকারী পরিচালক মুহাম্মদ নজরুল ইসলাম, বাবুছড়া ইউপি চেয়ারম্যান গগণ বিকাশ চাকমা, দীঘিনালা ইউপি চেয়ারম্যান চন্দ্র রঞ্জন চাকমা, বিভিন্ন কর্মকর্তাসহ স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, হেডম্যান-কার্বারী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারীরা সীমান্ত নিরাপত্তা জোরদারে বিজিবির এ উদ্যোগকে স্বাগত জানান।
বিজিবির এ জনসচেতনতা কার্যক্রমের মধ্য দিয়ে সীমান্ত এলাকায় শান্তি-শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখতে জনগণকে সম্পৃক্ত করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

