সংবিধান স্থগিত করে সিরিয়ার ডি ফ্যাক্টো (কার্যত) লিডার আহমেদ আল-শারাকে দেশের অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত করা হয়েছে। একই সঙ্গে অন্তর্বর্তী সময়ের জন্য একটি অস্থায়ী আইন পরিষদ গঠনেরও ক্ষমতা দেওয়া হয়েছে তাকে। খবর আল-জাজিরার।
গতকাল বুধবার সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা এ তথ্য জানিয়েছে।
দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা জানিয়েছে, আহমেদ আল-শারাকে প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত করার বিষয়টি সিরিয়ার নতুন ডি ফ্যাক্টো (কার্যত) সরকারের সামরিক অপারেশন বিভাগের মুখপাত্র হাসান আবদেল ঘানি ঘোষণা দিয়েছেন।
এ সময় আবদেল ঘানি দেশের সব সশস্ত্র গোষ্ঠী ভেঙে দেওয়ারও ঘোষণা দিয়েছেন।
তিনি জানান, সব সামরিক গোষ্ঠী ভেঙে দেওয়া হয়েছে। তাদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে অন্তর্ভুক্ত করা হয়েছে। সাবেক শাসনামলের সেনাবাহিনী, নিরাপত্তা সংস্থা ও বাথ পার্টি ভেঙে দেওয়া হয়েছে।
গত মাসে আহমেদ আল শারার বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল-শামের (এইচটিএস) নেতৃত্বে একটি বিদ্রোহী জোট গত ৮ ডিসেম্বর আসাদকে ক্ষমতাচ্যুত করে। এতে তার পরিবারের পাঁচ দশকের শাসনের অবসান ঘটে।

