রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের হাউজপাড়া এলাকায় চাঁদের গাড়ি উল্টে সড়ক যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। সোমবার (৪ মে- ২০২৬) বিকেল আনুমানিক ৪টা ৪০ মিনিটে সাজেক-বাঘাইহাট সড়কে একটি মালবাহী চাঁদের গাড়ি ব্রেক ফেল করে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর উল্টে পড়ে। এতে সড়কটি সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায় এবং পর্যটকসহ স্থানীয় সাধারণ মানুষ আটকা পড়েন।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় খাগড়াছড়ি রিজিয়নের অধীন ১৪ ইস্ট বেঙ্গল (১৪ ইবি) বাঘাইহাট জোনের সাজেক টিওবির একটি বিশেষ দল। সেনাবাহিনীর সদস্যরা তাৎক্ষণিক উদ্ধার কার্যক্রম পরিচালনা করে দুর্ঘটনাকবলিত গাড়িটি সড়ক থেকে সরিয়ে নিরাপদ স্থানে নিয়ে যায়।
পরে অল্প সময়ের মধ্যেই সড়কে যান চলাচল স্বাভাবিক হয় এবং আটকে পড়া পর্যটক ও স্থানীয়রা নিজ নিজ গন্তব্যে রওনা দিতে সক্ষম হন।
বাংলাদেশ সেনাবাহিনী দীর্ঘদিন ধরে পার্বত্য চট্টগ্রামের দুর্গম এলাকায় শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় এ ধরনের দ্রুত ও কার্যকর পদক্ষেপ স্থানীয় জনগণের আস্থা আরও সুদৃঢ় করছে। সেনাবাহিনী ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত রাখবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

