জুলাই আন্দোলনের প্রতিবাদী কন্ঠস্বর ও ইনকিলাব মঞ্চের আহবায়ক শরিফ ওসমান হাদির উপর নৃশংস হামলার প্রতিবাদে খাগড়াছড়িতে সর্বস্তরের ছাত্র জনতা’র আয়োজনে শিক্ষার্থী, তরুণ কর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সন্ধায় পৌর ঈদগাহ থেকে ছাত্র–জনতার উদ্যোগে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে মুক্তমঞ্চে এসে জোড়ালো কন্ঠে বিক্ষোভ সমাবেশ করে।
এসময় বক্তব্য রাখে ছাত্র প্রতিনিধি মোঃ রাকিব মনি ইফতি, ছাত্রযোদ্ধা হারিচুর রহমান রনি ও শাহনেওয়াজ।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, গণতান্ত্রিক আন্দোলন দমাতে এ হামলা চালানো হয়েছে। তারা দ্রুত ওসমান হাদির সুস্থ্যতা কামনা সহ হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি জানান এবং আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছিলেন ওসমান হাদি। জুলাই অভ্যুত্থানকে কেন্দ্র করে প্রতিষ্ঠিত ইনকিলাব মঞ্চের মুখপাত্র হিসেবেও তিনি আলোচনায় ছিলেন।
শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় নির্বাচনী প্রচারণা চালানোর সময় মোটরসাইকেলে আসা দুই দুর্বৃত্ত হাদির ওপর গুলি চালায়। গুলিবিদ্ধ অবস্থায় তাকে তাৎক্ষণিকভাবে ঢামেকে নেওয়া হয়।

