চট্টগ্রামের মিরেরসরাই উপজেলার ছোট ফরিংগা সীমান্তে অভিযানে ৩১টি ভারতীয় গরু জব্দ করেছে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি)। শুক্রবার (২১ নভেম্বর) রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়ন রামগড় জোন।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ব্যাটালিয়ন অধিনায়কের নির্দেশনায় ছোট ফরিংগা বিওপির একটি বিশেষ টহলদল বৃস্প্রতিবার দিবাগত রাত ২ টার দিকে সীমান্ত পিলার ২২০৩/৬ আরবির প্রায় ২০০ গজ ভেতরে তালতলী এলাকায় কৌশলগত ফাঁদ তৈরি করে অবস্থান নেয়। দীর্ঘ সময় অপেক্ষার পর ভোর ৪টার দিকে ভারতীয় চোরাকারবারীদের একটি দলকে সীমান্তবর্তী এলাকা দিয়ে বাংলাদেশে গরু ঢোকাতে দেখা যায়।
টহলদল চোরাকারবারীদের চ্যালেঞ্জ করলে তারা গরুগুলো বাংলাদেশের সীমান্তে রেখে দ্রুত ভারতীয় সীমান্তে পালিয়ে যায়। পরে টহলদল ঘটনাস্থল থেকে ৩১টি ভারতীয় গরু জব্দ করতে সক্ষম হয়। গরুগুলো পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ব্যাটালিয়নে নিয়ে আসা হয়েছে।
বিজিবির পক্ষ থেকে আরও জানানো হয়, সীমান্ত এলাকায় গরু, মাদকদ্রব্য, অস্ত্র, মানব পাচার এবং অবৈধ অনুপ্রবেশ রোধে বাহিনী কঠোর জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। বিশেষ করে ছোট ফরিংগা সীমান্তটি চোরাচালানকারীদের সক্রিয় এলাকায় পরিণত হওয়ায় সেখানে অতিরিক্ত টহল, প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নজরদারি বৃদ্ধি এবং রহস্যজনক চলাচলের ওপর বিশেষ নজরদারি চালানো হচ্ছে।

