খাগড়াছড়ির রামগড়ে সামাজিক, মানবিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠন হাজী মোঃ নুরুল হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথম বারেরমত আগামী শুক্রবার রামগড়ে ‘ম্যারাথন দৌড় প্রতিযোগিতা ২০২৬’ শুরু হচ্ছে।
ফাউন্ডেশনের চেয়ারম্যান আবদুল হক মানিকের আয়োজনে গত ১৫ জুলাই থেকে ২৫ জুলাই ২০২৬ পর্যন্ত সম্পূর্ণ বিনামূল্যে চলে এ নিবন্ধন কার্যক্রম। এতে ৩০০-এরও বেশি অ্যাথলেট প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য নিবন্ধন করেছেন।
ফাউন্ডেশনের চেয়ারম্যান আবদুল হক মানিক জানান, আগামী ৭ আগস্ট ২০২৬, শুক্রবার বলিপাড়া থেকে খাগড়াবিল বাজার পর্যন্ত প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হওয়ার তারিখ নির্ধারণ করা হয়েছে।
তিনি জানান, প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রত্যেকের জন্য টি-শার্ট, ক্যাপ, সনদপত্র, সকালের নাস্তা ও পানি সরবরাহের ব্যবস্থা থাকবে। এছাড়া প্রতিযোগিতায় প্রথম দশজন অ্যাথলেটদের জন্য থাকছে আকর্ষণীয় পুরস্কার।

আয়োজকরা জানান, তরুণ সমাজকে সুস্থ জীবনধারা, খেলাধুলা ও শৃঙ্খলাবোধে উদ্বুদ্ধ করা এবং মাদক, সন্ত্রাস, জুয়া ও ইভটিজিংয়ের মতো সামাজিক অপরাধের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টিই এ আয়োজনের মূল লক্ষ্য।
এদিকে, নিবন্ধন সম্পন্ন হওয়ায় সকল অংশগ্রহণকারীকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়েছেন আয়োজকরা। পাশাপাশি একটি মাদকমুক্ত, সুস্থ ও সুন্দর সমাজ গঠনে সবাইকে দৌড় ও খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানানো হয়েছে।

