খাগড়াছড়ির মাটিরাঙ্গায় স্থানীয় শ্রমিক গুলিবিদ্ধ হওয়ার ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (২১ জুন- ২০২৬) দুপুরে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি) ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে মাটিরাঙ্গা বাজারের তবলছড়ি চত্বরে এ কর্মসূচি পালন করা হয়।
গতকাল (শনিবার) রাতে মাটিরাঙ্গা পৌরসভার মুসলিমপাড়া গ্যাস পাম্প সংলগ্ন এলাকায় আঞ্চলিক সশস্ত্র সংগঠন ইউপিডিএফ এর ছোঁড়া গুলিতে গুলিবিদ্ধ হয়ে আহত হন বাঁশবাহী গাড়ির শ্রমিক জাহাঙ্গীর আলম (৩৭)। ঘটনার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে পিসিএনপি মাটিরাঙ্গা উপজেলা শাখার সভাপতি মো. রবিউল হোসেন নেতৃত্ব দেন।
সমাবেশে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা ঘটনার সুষ্ঠু তদন্ত, দোষীদের দ্রুত গ্রেপ্তার এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখার দাবি জানান। তারা বলেন, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে কার্যকর পদক্ষেপ প্রয়োজন।

