খাগড়াছড়ি রিজিয়নের মহালছড়ি জোনের উদ্যোগে দুর্গম পাহাড়ি এলাকায় বসবাসরত উপজাতীয় জনগোষ্ঠীর জন্য একটি কমিউনিটি ক্লিনিক পরিচালিত হয়েছে।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরে মহালছড়ি উপজেলার পনখিমুরা পাড়ায় এই কমিউনিটি ক্লিনিকের আয়োজন করা হয়। এতে স্থানীয় জনগণের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।
কমিউনিটি ক্লিনিকে চিকিৎসক হিসেবে দায়িত্ব পালন করেন, মহালছড়ি জোনের আরএমও ক্যাপ্টেন মো. বোরহান উদ্দিন। তাঁর নেতৃত্বে জোনের মেডিকেল টিম শিশু, নারী ও পুরুষ রোগীদের স্বাস্থ্যসেবা প্রদান করেন। এদিন মোট ২৩ জন উপজাতীয় ব্যক্তিকে চিকিৎসা দেওয়া হয়। এর মধ্যে শিশু ৪ জন, নারী ১২ জন এবং পুরুষ ৭ জন। চিকিৎসাসেবার পাশাপাশি রোগীদের প্রয়োজন অনুযায়ী ওষুধ সরবরাহ করা হয়।
স্থানীয় এলাকাবাসী ও সাধারণ উপজাতীয় জনগণ সেনাবাহিনীর এ মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে সন্তোষ প্রকাশ করেন।
তারা জানান, দুর্গম এলাকায় নিয়মিত চিকিৎসাসেবা পাওয়া কঠিন হলেও সেনাবাহিনীর এমন উদ্যোগ তাদের জন্য অত্যন্ত উপকারী। ভবিষ্যতেও প্রতিমাসে এ ধরনের কমিউনিটি ক্লিনিক আয়োজন করে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ সরবরাহ অব্যাহত রাখার আশা ব্যক্ত করেন তারা।
মহালছড়ি জোন সফলভাবে কমিউনিটি ক্লিনিক কার্যক্রমটি সম্পন্ন করে এবং একইসঙ্গে পুরো এলাকায় সার্বিক নিরাপত্তা নিশ্চিত করে।

