খাগড়াছড়ির মহালছড়িতে ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আধুনিকায়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বরে মহালছড়ি উপজেলা ছাত্রদলের আয়োজনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, “প্রতিবার অগ্নিকাণ্ড ঘটলেই নিরীহ মানুষ নিঃস্ব হয়, ব্যবসায়ীরা সর্বস্ব হারায়। কিন্তু মহালছড়িতে এখনো একটি ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের উদ্যোগ নেওয়া হয়নি।” তারা সাম্প্রতিক মহালছড়ি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের উদাহরণ টেনে বলেন, আগুন লাগার পর পাশের উপজেলাগুলো থেকে ফায়ার সার্ভিস আসতে দীর্ঘ সময় লেগে যাওয়ায় ক্ষয়ক্ষতি বেড়েছে বহু গুণ।
এছাড়া বক্তারা দীর্ঘদিন ধরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অবকাঠামোগত দুরবস্থার কথাও তুলে ধরেন। তারা জানান, পর্যাপ্ত চিকিৎসক, জনবল, ও আধুনিক চিকিৎসা সরঞ্জামের অভাবে এলাকার মানুষ ন্যূনতম চিকিৎসা সুবিধা থেকেও বঞ্চিত হচ্ছেন। এমনকি ২টি অ্যাম্বুল্যান্স থাকলেও তা সঠিকভাবে ব্যবহৃত না হওয়ায় রোগীরা নিয়মিত ভোগান্তিতে পড়ছেন।
বক্তারা আরও বলেন, “জনগণের করের টাকায় উন্নয়ন হয় জনগণের জন্যই। তাই জনস্বার্থে অবিলম্বে মহালছড়িতে ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন ও স্বাস্থ্য কমপ্লেক্স আধুনিকায়নের ব্যবস্থা নিতে হবে।”
মানববন্ধনে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, ব্যবসায়ী, ছাত্র-যুবকসহ সাধারণ মানুষ অংশ নেন। বক্তারা সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলেন, “পাহাড়ি জনপদ মহালছড়িকে অবহেলার পরিণতি আর যেন কোনো নিরীহ মানুষের প্রাণহানির কারণ না হয়, এটাই সবার প্রত্যাশা।”

