বাংলাদেশ সেনাবাহিনী বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার মুরং বাজার এলাকায় জেএসএস (মূল) সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে একটি সফল অভিযান পরিচালনা করেছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি ২০২৬) বিকেল আনুমানিক ৫টার দিকে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।
অভিযানকালে সেনা সদস্যরা সশস্ত্র সদস্যদের অবৈধ চাঁদা আদায়ের সময় শনাক্ত করলে তারা পালানোর চেষ্টা করে এবং টহল দলের ওপর গুলিবর্ষণ করে। জবাবে সেনাবাহিনী পাল্টা গুলি চালিয়ে তাদের ধাওয়া করে। এক পর্যায়ে তারা একটি স্কুলঘরে আশ্রয়ের চেষ্টা করলেও পরে সেখান থেকে পালিয়ে যায়।
ঘটনাস্থল তল্লাশি করে হ্লামংনু মার্মা নামে এক সদস্যকে গুলিবিদ্ধ অবস্থায় অস্ত্র ও গোলাবারুদসহ উদ্ধার করা হয়। তাকে বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে। একটি সাবমেশিনগান, বিপুল গোলাবারুদ ও অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়েছে। সেনাবাহিনী জানায়, পার্বত্য চট্টগ্রামে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে অভিযান অব্যাহত থাকবে।

