পার্বত্য চট্টগ্রামের দুর্গম এলাকায় বসবাসরত অসহায় মানুষের পাশে দাঁড়াতে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) নিয়মিতভাবে মানবিক কার্যক্রম পরিচালনা করছে। তারই অংশ হিসেবে আজ সোমবার (৮ ডিসেম্বর) বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি) দিনব্যাপী মানবিক সহায়তা প্রদান কার্যক্রম পরিচালনা করে।
বাঘাইহাট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দিন ফারুকী এর নির্দেশনায় সহকারী পরিচালক মো. আউয়াল হোসেন দুই জন স্থানীয় উপজাতি বাসিন্দার মাঝে আর্থিক সহায়তা প্রদান করেন। এর মধ্যে জামপড়া এলাকার বাসিন্দা বিকাশ ত্রিপুরার স্ত্রীর চিকিৎসার জন্য প্রয়োজনীয় আর্থিক সহায়তা দেওয়া হয়। এছাড়াও বেথলিং পাড়ার বাসিন্দা গোবিন্দ ত্রিপুরাকেও মানবিক বিবেচনায় অর্থ সহায়তা প্রদান করা হয়।
স্থানীয়রা জানান, দুর্গম পাহাড়ি অঞ্চলে চিকিৎসা, শিক্ষাসহ নিত্যপ্রয়োজনীয় সুবিধার অভাব দীর্ঘদিনের সমস্যা। এমন পরিস্থিতিতে বিজিবির এ ধরনের মানবিক উদ্যোগ সাধারণ মানুষের দুঃসময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
বাঘাইহাট ব্যাটালিয়নের পক্ষ থেকে জানানো হয়, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মানবিক সেবা নিশ্চিত করাও তাদের দায়িত্বের একটি গুরুত্বপূর্ণ অংশ। ভবিষ্যতেও এলাকায় বসবাসরত অসহায় জনগণের জন্য এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

