দীঘিনালা সেনা জোনের অধিনায়ক লে. কর্নেল মো. ওমর ফারূক এর নির্দেশনায় নয়মাইল ও বুদ্ধপাড়া এলাকায় শীতার্ত ও অসহায় মানুষের মাঝে দুই শতাধিক শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। শীত মৌসুমে পাহাড়ি অঞ্চলের সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবে এই মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়। মঙ্গলবার (৬ জানুয়ারি- ২০২৬) তারিখ দুপুরে এই কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, দীঘিনালা সেনা জোনের ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক মেজর মো. তৌকির আহমেদ, ক্যাপ্টেন আব্দুল্লাহ আল আজমী, লে. আজমাঈন আহনাফ বিন খালেদ এবং মাস্টার ওয়ারেন্ট অফিসার জয়নুল আবেদীন। তাঁদের তত্ত্বাবধানে সুশৃঙ্খলভাবে স্থানীয় দরিদ্র ও শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল পৌঁছে দেওয়া হয়।
এ সময় সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, দুর্গম পাহাড়ি এলাকায় মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে। স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগে সন্তোষ প্রকাশ করে সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানান।

