পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলার কবাখালী ইউনিয়নের বিভিন্ন এলাকায় শান্তি-সম্প্রীতি বজায় রাখতে বাংলাদেশ সেনাবাহিনীর একটি চৌকস দল নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
খাগড়াছড়ি সেনা রিজিয়নের
দীঘিনালা জোনের অধিনায়ক লে. কর্নেল মো. ওমর ফারুক এর নির্দেশনায় এবং ক্যাপ্টেন আবু রায়হানের নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনীর একটি টিম কবাখালী ইউনিয়নের ডানে কবাখালী, জোড়া ব্রিজ ও ব্যারাকছড়া এলাকায় নিয়মিত কার্যক্রম পরিচালনা করছে।
পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনীর প্রতি সাধারণ মানুষের আস্থা বৃদ্ধি এবং স্বার্থান্বেষী মহল ও সন্ত্রাসীদের দ্বারা সৃষ্ট ভুল ধারণা দূর করার লক্ষ্যে সেনাসদস্যরা স্থানীয় নানা জনগোষ্ঠীর মানুষের সাথে বাড়ি বাড়ি গিয়ে কুশল বিনিময় করছেন। পাশাপাশি শীতার্ত মানুষের কষ্ট লাঘবে শীতবস্ত্র বিতরণ করা সহ প্রয়োজনীয় নানা পদক্ষেপ গ্রহণ করছেন। পাশাপাশি বিনোদন ও খেলাধুলার মাধ্যমে স্থানীয়দের সঙ্গে সম্পৃক্ততা বাড়াতে ভলিবল ও নেটও বিতরণ করা হয়েছে।
এছাড়াও প্রত্যন্ত অঞ্চলের মানুষের সঙ্গে প্রীতি ভলিবল ম্যাচ আয়োজনের মাধ্যমে সেনাবাহিনী ও উপজাতি জনগোষ্ঠীর মধ্যে পারস্পরিক দূরত্ব কমিয়ে আস্থা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে সক্রিয় ভূমিকা পালন করছে দীঘিনালা সেনা জোন।
সেনাবাহিনীর প্রতি পূর্ণ আস্থা সৃষ্টির লক্ষ্যে এ ধরনের মানবিক ও সামাজিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানান। এসব উদ্যোগে সাধারণ জনগণ আনন্দ ও সন্তোষ প্রকাশ করে দীঘিনালা সেনা জোনের প্রতি কৃতজ্ঞতা জানান।

