খাগড়াছড়ি পার্বত্য দীঘিনালা উপজেলার জারুলছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করেছেন সেনাবাহিনীর দীঘিনালা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. আল-আমিন।
মঙ্গলবার (৯ জুন- ২০২৬) দুপুরে জারুলছড়ি আর্মি ক্যাম্প সংলগ্ন বিদ্যালয় প্রাঙ্গণে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ সময় জোন কমান্ডার বিদ্যালয়ের ৫০ জন শিক্ষার্থীর হাতে কলম, পেন্সিল, খাতা, পেন্সিল বক্স এবং বিস্কুট তুলে দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাবুছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গগন বিকাশ চাকমা, বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণকালে জোন কমান্ডার তাদের নিয়মিত পড়াশোনার প্রতি মনোযোগী হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, শিক্ষাই জাতির উন্নয়নের প্রধান হাতিয়ার। ভবিষ্যৎ প্রজন্মকে সুশিক্ষিত ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
স্থানীয়রা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে শিক্ষার্থীদের কল্যাণে দীঘিনালা জোনের এমন কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।

