আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী অ্যাডভোকেট মনজিলা সুলতানা ঝুমা।
গতকাল রোববার (২৮ ডিসেম্বর) দিবাগত রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টের মাধ্যমে তিনি এ সিদ্ধান্তের কথা জানান। পোস্টে তিনি উল্লেখ করেন, ইতোমধ্যে দলটির আহ্বায়ক নাহিদ ইসলামকে নিজের সিদ্ধান্ত অবহিত করেছেন।
মনজিলা সুলতানা ঝুমা এনসিপির দক্ষিণাঞ্চলের সংগঠক হিসেবে দায়িত্ব পালন করছেন। খাগড়াছড়ি আসন থেকে এনসিপির ‘শাপলা কলি’ প্রতীকে তার নির্বাচনে অংশ নেওয়ার কথা ছিল।
বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ আট দলের সঙ্গে হওয়া আসন সমঝোতায় তার নাম অন্তর্ভুক্ত থাকার বিষয়েও আলোচনা শোনা যাচ্ছিল।
ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, এনসিপি প্রাথমিকভাবে যেই ১২৫ আসনে মনোনয়ন দিয়েছিল, তার মধ্যে খাগড়াছড়ি ২৯৮নং আসনে শাপলা কলি মার্কা নিয়ে নির্বাচন করতে আমাকে মনোনীত করেছিল। ২৪ তারিখে আমার পক্ষে আমার দলের খাগড়াছড়ি জেলার আহ্বায়ক মনোনয়ন উত্তোলন করেছে।
তিনি আরও লেখেন, আগামীকাল জমা দেওয়ার লাস্ট ডেট। আজ প্রায় ২ ঘণ্টা আগেই দলের আহ্বায়ক জনাব নাহিদ ইসলামকে আমার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছি। আমি নির্বাচনে অংশগ্রহণ করছি না। ফেসবুক পোস্টে তার দাবি, আজ অথবা কাল তরুণরাই সংসদে যাবেন—এমন বিশ্বাস তিনি রাখেন।
উল্লেখ্য, গত কয়েক দিনে এনসিপির একাধিক নেত্রী দলটি থেকে পদত্যাগসহ নির্বাচনে না দাঁড়ানোর যে সিদ্ধান্ত নিচ্ছেন। তাতে দলের ভেতর স্পষ্টই বিভাজন দেখা দিয়েছে বলেই মত বিশ্লেষকদের।

