খাগড়াছড়িতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে ঘিরে ভোটারদের নিরাপত্তা ও সহায়তায় বাংলাদেশ সেনাবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সারা দেশের মতো খাগড়াছড়ি ও গুইমারা সেনা রিজিয়নের অধীনস্থ জোনগুলোতে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা, যাতে নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন হয়।
নির্বাচনের দিন প্রত্যন্ত ও দুর্গম এলাকার ভোটাররা নির্বিঘ্নে কেন্দ্রে পৌঁছে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, এ লক্ষ্যে সেনাসদস্যরা দায়িত্বশীল ও মানবিক তৎপরতা চালান। বিভিন্ন এলাকায় টহল জোরদার, ভোটকেন্দ্রে নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সাধারণ মানুষের চলাচলে সহায়তার মাধ্যমে একটি স্থিতিশীল পরিবেশ বজায় রাখা হয়। ফলে ভোটারদের মধ্যে আস্থা তৈরি হয় এবং তারা নির্ভয়ে ভোট দিতে কেন্দ্রে উপস্থিত হন।
স্থানীয় ভোটাররা সেনাবাহিনীর এ উদ্যোগের প্রশংসা করে জানান, বাহিনীর উপস্থিতি নির্বাচনী পরিবেশকে আরও নিরাপদ করেছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের পেশাদার দায়িত্ব পালনের মাধ্যমে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া আরও শক্তিশালী হবে। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের সঙ্গে বিজিবি, পুলিশ, র্যাব ও আনসার ভিডিপিও সমন্বিতভাবে দায়িত্ব পালন করছে।

