খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় মুক্তিপণের দাবিতে অপহরণের নাটক সাজিয়ে আত্মগোপনে যাওয়া এক যুবককে উদ্ধার করেছে দীঘিনালা জোনের সেনা সদস্যরা।
উদ্ধারকৃত যুবকের নাম মো. মুরাদ হোসেন (১৯)। তিনি রাঙামাটি জেলার সাজেক এলাকার বাঘাইহাট গ্রামের মো. মিলন মিয়ার ছেলে।
জানা যায়, গতকাল ২৮ জানুয়ারি- ২০২৬ ইং সকাল আনুমানিক ৮টা ৩০ মিনিটে কলেজে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে মুরাদ হোসেন নিজেই আত্মগোপনে যান। পরে পরিবারের কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে তার সন্ধান না পেয়ে দীঘিনালা জোনের সহায়তা নেন এবং দীঘিনালা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২৯ জানুয়ারি- ২০২৬ দুপুর ১২টা ১০ মিনিটে দীঘিনালা জোনের আওতাধীন ছোট মেরুং এলাকা থেকে তাকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। পরে জিজ্ঞাসাবাদে মুরাদ হোসেন স্বীকার করেন, মোটরসাইকেল ও আইফোন কেনার উদ্দেশ্যে তিনি নিজেই পুরো ঘটনাটি সাজিয়েছিলেন।

