নতুন বছরের সূচনালগ্নে পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বিডি ক্লিন খাগড়াছড়ি সদর-এর আয়োজনে খাগড়াছড়ি শহরে পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। বছরের প্রথম দিনে শহরের প্রাণকেন্দ্র জিরো মাইল এলাকা থেকে এই কার্যক্রমের সূচনা হয়।
আয়োজকরা জানান, এ উদ্যোগ শুধু ময়লা অপসারণে সীমাবদ্ধ নয়; বরং নাগরিক দায়িত্ববোধ জাগ্রত করা এবং সমাজের সর্বস্তরের মানুষের মাঝে পরিচ্ছন্নতার গুরুত্ব তুলে ধরাই এর মূল লক্ষ্য।
কর্মসূচিতে উপস্থিত থেকে অংশগ্রহণকারীদের অনুপ্রেরণা জোগান সাবেক কাউন্সিলর ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারি ইঞ্জিঃ আব্দুল মজিদ। এছাড়া জেলা সমন্বয়ক মাহফুজ হোসেন সকালসহ বিডি ক্লিন খাগড়াছড়ির জেলা সমন্বয়কবৃন্দ, দায়িত্বশীল সদস্য এবং স্বেচ্ছাসেবকরা সক্রিয়ভাবে অংশ নেন।
বক্তারা বলেন, পরিচ্ছন্ন পরিবেশ মানেই সুস্থ জীবন ও সচেতন সমাজ। সম্মিলিত উদ্যোগ ও নিয়মিত নাগরিক অংশগ্রহণের মাধ্যমে গড়ে উঠবে কাঙ্ক্ষিত পরিচ্ছন্ন খাগড়াছড়ি ও পরিচ্ছন্ন বাংলাদেশ।

