খাগড়াছড়ি আসনে বিএনপি প্রার্থী ওয়াদুদ ভূঁইয়া ও জামায়াত ইসলামীর প্রার্থী অ্যাডভোকেট এয়াকুব আলী চৌধুরীসহ সাত প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। বাতিল করা হয়েছে অপসারিত পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান জিরুনা ত্রিপুরাসহ সাত প্রার্থীর মনোনয়ন।
এছাড়া, মুসলিম লীগের প্রার্থী মো. মোস্তফার প্রার্থিতা স্থগিত করা হয়েছে।
শনিবার সকালে খাগড়াছড়ির রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক আনোয়ার সাদাত নিজ কার্যালয়ে প্রার্থিতা যাচাই বাছাই শেষে এ তথ্য জানান।
বৈধ অন্য প্রার্থীরা হলেন- জাতীয় পার্টির মিথিলা রোয়াজা, মাইনোরিটি পার্টির উশেপ্রু মারমা, ইসলামী আন্দোলনের মাওলানা কাওসার আজিজী, ইনসানিয়াত বাংলাদেশের নুর ইসলাম ও স্বতন্ত্র ধর্ম জ্যোতি চাকমা।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের তথ্যমতে, গণঅধিকার পরিষদের প্রার্থী দীনময় রোয়াজার ক্রেডিট কার্ডে ঋণখেলাপী, বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী আনোয়ার মিয়াজির আয়কর সংক্রান্ত নথি না থাকা ও স্বতন্ত্র প্রার্থীদের ১ শতাংশ ভোটার তথ্যে গড়মিল থাকায় প্রার্থিতা বাতিল করা হয়। এছাড়া, মুসলিম লীগ প্রার্থীর দলীয় মনোনয়নে সভাপতির স্বাক্ষর না থাকায় প্রার্থিতা স্থগিত করা হয়েছে।
প্রার্থিতা বাতিলের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় অনেক প্রার্থী জানান তারা আপিল করবেন।
খাগড়াছড়ির রিটার্নিং অফিসার আনোয়ার সাদাত বলেন, ‘১৫টি মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের পর সাত প্রার্থীকে বৈধ ঘোষণা করা হয়। বিভিন্ন কারণে সাত জনের মনোনয়ন বাতিল ও একজনের স্থগিত করা হয়েছে।

