সারা দেশের ন্যায় পার্বত্য জেলা খাগড়াছড়িতে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির খাগড়াছড়ি জেলা শাখা।
আজ শুক্রবার দিনটি উপলক্ষে সকালে ভোর ৬টায় জেলা বিএনপির কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা করা হয়। বিকেল ৩টায় চেঙ্গী স্কয়ার থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিকেল ৪টায় মুক্তমঞ্চে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
এতে জেলা বিএনপির সহ-সভাপতি ক্ষেত্র মোহন রোয়াজার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম.এন আবছার, বিশেষ অতিথি হিসেবে ছিলেন সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজা, যুগ্ন সাধারণ সম্পাদক অ্যাড. মালেক মিন্টু।
এসময় অতিথিরা, আসন্ন নির্বাচনে ধর্ম বর্ণ নির্বিশেষে সাম্প্রদায়িকতার মেলবন্ধন তৈরি করতে সকলকে একযোগে এগিয়ে আসার আহবান জানান।
এছাড়াও এতে অংশ নেন বিভিন্ন উপজেলার অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।

