সেনাবাহিনীর গুইমারা রিজিয়নের ২০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি সিন্দুকছড়ি জোন শুধু আইন-শৃঙ্খলা রক্ষাতেই নয়, দায়িত্বপূর্ণ এলাকায় সামাজিক উন্নয়ন ও মানবিক সহায়তায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। এরই ধারাবাহিকতায় শুক্রবার (১২ ডিসেম্বর) সিন্দুকছড়ি জোন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে একাধিক সহায়তা কর্মসূচি বাস্তবায়ন করেছে।
রামসু বাজারে আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে নগদ অর্থ প্রদান, ক্রিকেট টুর্নামেন্ট উপলক্ষে আর্থিক সহায়তা, গরিব ও মেধাবী এক শিক্ষার্থীকে পরীক্ষার ফি প্রদান, স্থানীয় মসজিদ সংস্কারের জন্য নগদ অর্থ প্রদানসহ গরিব-দুঃস্থ মানুষের মাঝে গৃহনির্মাণ এবং চিকিৎসা সহায়তার জন্য অর্থ প্রদান করা হয়। পাশাপাশি দু’টি শিক্ষাপ্রতিষ্ঠানে আর্থিক অনুদান প্রদান করা হয়।
এছাড়া কৃষকদের মাঝে কৃষি উপকরণ, দুটি ক্রীড়া সংগঠনকে জার্সি, গ্লাভস, ফুটবল, ভলিবল ও নেট প্রদান করা হয়। শীত মৌসুমে কষ্টে থাকা অসহায় মানুষের মাঝে ঢেউটিন, খাদ্য সামগ্রী ও শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।
এসব সহায়তা কার্যক্রম চলাকালে সিন্দুকছড়ি জোনের পক্ষ থেকে জানানো হয়, এলাকাবাসীর কল্যাণ, সম্প্রীতি ও উন্নয়ন ধরে রাখতে সেনাবাহিনীর এ ধরনের মানবিক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে। একই সঙ্গে দলমত-নির্বিশেষে শান্তি ও শৃঙ্খলা বজায় রেখে বসবাসের আহ্বান জানানো হয় এবং স্থানীয়দের সহযোগিতা কামনা করা হয়। সিন্দুকছড়ি জোনের এ উদ্যোগে স্থানীয় জনগণের মধ্যে সন্তোষ ও স্বস্তি নেমে এসেছে।

