পার্বত্য জেলা খাগড়াছড়িতে শান্তি, সম্প্রীতি ও সামাজিক উন্নয়ন বজায় রাখার লক্ষ্যে সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়নের পক্ষ থেকে নিয়মিতভাবে বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালিত হয়ে আসছে।
এরই ধারাবাহিকতায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ জাতীয় ক্রিকেট দলের সদস্য খাগড়াছড়ি পার্বত্য জেলার কৃতি খেলোয়াড় মো. কাওসারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
সম্প্রতি খাগড়াছড়ি রিজিয়নের সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রি. জে হাসান মাহমুদ আনুষ্ঠানিকভাবে এ সহায়তা প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি রিজিয়নের জিএসও-২ মেজর কাজী মোস্তফা আরেফিন, খাগড়াছড়ি জেলা ক্রীড়া অফিসার হারুন অর রশিদ, খাগড়াছড়ি জেলা ক্রিকেট কোচ মুজাহিদ চৌধুরী বাবু এবং খাগড়াছড়ি জেলা ক্রিকেট কাউন্সিলর মো. আমিনুল।
উল্লেখ্য, মো. কাওসার বর্তমানে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ জাতীয় ক্রিকেট দলের সদস্য হিসেবে দেশের প্রতিনিধিত্ব করছেন। এর পাশাপাশি তিনি খাগড়াছড়ি জেলা অনূর্ধ্ব-১৮ দল এবং চট্টগ্রাম বিভাগীয় অনূর্ধ্ব-১৪, ১৫ ও ১৬ দলের হয়ে নিয়মিতভাবে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন।
খাগড়াছড়ি রিজিয়নের পক্ষ থেকে জানানো হয়, প্রতিভাবান ক্রীড়াবিদদের পাশে দাঁড়ানো এবং তাদের অগ্রযাত্রায় সহায়তা প্রদান শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠার পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মকে উৎসাহিত করার একটি গুরুত্বপূর্ণ অংশ। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়।

