বান্দরবান পার্বত্য জেলার লামা উপজেলায় অপহরণের শিকার ৬ রাবার বাগান শ্রমিককে উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
শুক্রবার (২৪ এপ্রিল- ২০২৬) প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৩ এপ্রিল লামার হাতিরডেরা-টংকাবতী এলাকায় শ্রমিকদের অপহরণের ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে সেনাবাহিনীর একাধিক টহল দল উদ্ধার অভিযান শুরু করে। দিন-রাতব্যাপী নিবিড় অনুসন্ধান ও তল্লাশি কার্যক্রম চালানো হয়।
অভিযানের এক পর্যায়ে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা অপহৃত শ্রমিকদের পাহাড়ি এলাকায় ফেলে রেখে পালিয়ে যায়। পরবর্তীতে ভোরে টহল দল ঘটনাস্থল থেকে তাদের নিরাপদে উদ্ধার করতে সক্ষম হয়।
উদ্ধারকৃত ব্যক্তিদের আইনানুগ প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানানো হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।
পার্বত্য চট্টগ্রামে সকল জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। দেশের শান্তি ও জননিরাপত্তা রক্ষায় সেনাবাহিনী সর্বদা প্রস্তুত রয়েছে।

