সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি শান্তিপূর্ণ রাখতে খাগড়াছড়ির রামগড়ের পূজামন্ডপ পরিদর্শন করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি)-৭।
শনিবার (১৭ অক্টোবর) সকালে রামগড় বাজারস্ত শ্রী শ্রী দক্ষিণেশ্বর কালীবাড়ি মন্দির পরিদর্শন করেন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি), সিপিসি-১ এর ফেনী ক্যাম্পের স্কোয়াড্রন লিডার কোম্পানি কমান্ডার মিজানুর রহমান।
তিনি জানান, এসআরবি ৭ এর অধিনে খাগড়াছড়ির পূজা মন্ডপগুলোতেও নিয়মিত টহল থাকবে। কুইক রেসপন্ডার টিম এবং আমার ব্যাক্তিগত নাম্বার দেওয়া রয়েছে। প্রতিটি মন্ডপ এসআরবি সিভিল পোশাকে সার্বক্ষণিক গোয়েন্দা নজদারির আওতায় রয়েছে। প্রশাসন, পুলিশ ও অন্যান্য নিরাপত্তা বাহিনীর সাথে নিয়মিত যোগাযোগের মাধ্যমে একটি সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা এসআরবি দৃশ্যমান থেকে ভুমিকা পালন করছে।
তিনি আরও জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি প্রতিটি মন্ডপে স্বেচ্ছাসেবকরা দায়িত্ব পালন করছে। যেকোনো অস্বাভাবিক অবস্থা পরিলক্ষিত হলে আমাদের সাথে তড়িৎ যোগাযোগ করতে হবে। আমাদের টহলদল সার্বক্ষণিক যেকোনো অবস্থায় ভুমিকা পালনের জন্য তৎপর আছে।
মিজানুর রহমান বলেন, সামজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে কোন বিভ্রান্তি সৃষ্টির কোন বিষয় নজরে আসার সাথে সাথে আমাদের সাথে যোগাযোগের অনুরোধ করছি। এই বিষয়ে আমাদের আইসিটি বিভাগ সতর্ক অবস্থায় রয়েছে এবং আমরা সোশ্যাল মিডিয়া মনিটর করছি। কোন গুজব বা অপ্রীতিকর অবস্থা সৃষ্টির চেষ্টা করা হলে তা শক্ত হাতে দমন করা হবে এবং অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
এসময় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি)-৭ এর ডিএডি মহিদুল ইসলাম, এসআই (নিঃ) আরিফুর রহমান, এসআই (নিঃ) ফয়েজুর রহমানসহ টহলটিম ছাড়াও পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

