বান্দরবানের থানচির দুর্গম সীমান্ত এলাকায় মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য পেয়েছে যৌথ বাহিনী। সোমবার (২৩ ফেব্রুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে ৩১ বীর বিজিবি ও সেনাবাহিনীর আলীকদম জোনের সমন্বয়ে গঠিত একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে প্রায় ২৯ একর জমির পপিক্ষেত ধ্বংস করে।
জানা গেছে, সংশ্লিষ্ট এলাকার ১২টি পৃথক স্থানে পরিচালিত এ অভিযানে স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে নিষিদ্ধ পপি গাছ উপড়ে ফেলে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। যৌথ বাহিনীর ধারণা, ধ্বংস করা পপি থেকে প্রক্রিয়াজাতের পর প্রায় ১ হাজার ৪৫০ কেজি আফিম উৎপাদন সম্ভব হতো, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১০ কোটি ৮৭ লাখ ৫০ হাজার টাকা।
খোঁজ নিয়ে জানা যায়, ডিমপাহাড় ও সাঙ্গু নদীর মধ্যবর্তী দুর্গম পাহাড়ি এলাকায় ব্যাপকভাবে পপি চাষের বিস্তার ঘটেছে। এসব স্থানে আরও প্রায় ১০০ একরের বেশি জমিতে পপি চাষ হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, একটি স্বার্থান্বেষী মহল পাহাড়ের দুর্গমতা কাজে লাগিয়ে স্থানীয়দের পপি চাষে উদ্বুদ্ধ করছে। মাদক নির্মূল ও সীমান্ত নিরাপত্তা জোরদারে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

