খাগড়াছড়ি পার্বত্য জেলার মানিকছড়ি উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও শিক্ষার্থীদের সহায়তায় মানবিক উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর গুইমারা রিজিয়নের অধীন সিন্দুকছড়ি জোন।
এ উদ্যোগের অংশ হিসেবে দক্ষিণ হাফছড়ি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের জরাজীর্ণ ভবন সংস্কার, নতুন বারান্দা নির্মাণ এবং শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। এতে বিদ্যালয়ের শিক্ষার্থীরা এখন আরও নিরাপদ ও সুন্দর পরিবেশে পাঠদানের সুযোগ পাচ্ছে।
বিদ্যালয়ে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিন্দুকছড়ি জোন কমান্ডার লে. কর্ণেল ইসমাইল সামস আজিজি। তিনি নবনির্মিত স্থাপনার উদ্বোধন করেন এবং শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, নৈতিক শিক্ষা ও দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। স্থানীয়রা সেনাবাহিনীর এ জনকল্যাণমূলক উদ্যোগের প্রশংসা করেন।

