খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বন্যায় ক্ষতিগ্রস্ত তিন শতাধিক পরিবারের মাঝে জরুরি খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
রোববার (২।আগষ্ট) বিকেলে উপজেলার মেরুং ইউনিয়নের বেতছড়ি এলাকায় এ ত্রাণ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কাজুকো ভূঁইয়া ওয়েলফেয়ার ট্রাস্টের সহযোগিতায় এবং মাল্টি সার্ভ ইন্টারন্যাশনাল (এমএসআই)-এর ব্যবস্থাপনায় আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি-২৯৮ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি আব্দুল ওয়াদুদ ভূঁইয়া।
ত্রাণ বিতরণের পাশাপাশি তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন।
এ সময় তিনি বলেন, গত জুলাই মাসের ভয়াবহ বন্যায় উপজেলার অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। দুর্যোগে আক্রান্ত মানুষের পাশে দাঁড়ানো সমাজের সবার দায়িত্ব।
তিনি আরও বলেন, জনগণের ভোট ও আস্থার কারণেই তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তাই এলাকার মানুষের যেকোনো প্রয়োজন ও সংকটে পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং সমস্যার কথা নির্দ্বিধায় জানানোর আহ্বান জানান।
ওয়াদুদ ভুঁইয়া বলেন, আমাদের বিএনপি কর্মীদের কেউ মাদক কার্বারীর সাথে জড়িত থাকলে বিএনপি তাদেরকে কখনো ক্ষমা করবে না। এসময় তিনি মাইকে দীঘিনালা উপজেলার মাদক কার্বারীতে জড়িতদের নামের তালিকা ঘোষণা করেন।
অনুষ্ঠানে জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম. এ. আফসার, যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন ও রিঙ্কু চাকমা, উপজেলা বিএনপির সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীনসহ জেলা, উপজেলা এবং বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

