খাগড়াছড়ি পার্বত্য জেলায় পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু চ্যালেঞ্জ মোকাবিলায় ২০ লাখ বৃক্ষ রোপণ অভিযানের উদ্বোধন করা হয়েছে।
রোববার (২১ জুন) খাগড়াছড়ি সরকারি কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন, সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবায়দুল হক।
অনুষ্ঠানে জেলা পরিষদ চেয়ারম্যান সেফালিকা ত্রিপুরা, জেলা প্রশাসনের প্রতিনিধি, বন বিভাগের কর্মকর্তা, পুলিশ সুপারসহ সামরিক, বেসামরিক ও সামাজিক-রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবায়দুল হক বলেন, বৃক্ষরোপণের পাশাপাশি পরিবেশ রক্ষায় প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা ও কম্পোস্ট সার উৎপাদনের মতো কার্যক্রমও গুরুত্বপূর্ণ। তিনি পরিবেশের ভারসাম্য রক্ষা এবং টেকসই উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
তিনি বলেন, বৃক্ষ মানুষের জীবন ও প্রকৃতির সুরক্ষায় অপরিহার্য ভূমিকা রাখে। এ উদ্যোগ খাগড়াছড়ির প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশা প্রকাশ করা হয়।

