পার্বত্য চট্টগ্রাম বিষয়ক স্পর্শকাতর শব্দ ব্যবহারে সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি)। বৃহস্পতিবার (২ এপ্রিল- ২০২৬) সকালে সংগঠনটির কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, সম্প্রতি এক মতবিনিময় সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর পার্বত্য অঞ্চলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীকে ‘আদিবাসী’ ও ‘Son of Soil’ হিসেবে উল্লেখ করেন, যা নতুন করে বিতর্কের সৃষ্টি করেছে।
পিসিসিপি দাবি করে, বাংলাদেশের সংবিধানে ‘আদিবাসী’ শব্দের কোনো স্বীকৃতি নেই। ১৫তম সংশোধনী অনুযায়ী এসব জনগোষ্ঠীকে ‘উপজাতি, ক্ষুদ্র জাতিসত্তা, নৃ-গোষ্ঠী ও সম্প্রদায়’ হিসেবে উল্লেখ করা হয়েছে। একইভাবে পার্বত্য শান্তি চুক্তিতেও এ শব্দটির ব্যবহার নেই।
সংগঠনটি আরও আশঙ্কা প্রকাশ করে, ‘আদিবাসী’ শব্দের ব্যবহার আন্তর্জাতিক আইনি কাঠামোর আলোকে ভবিষ্যতে স্বায়ত্তশাসন বা পৃথক অধিকারের দাবি উত্থাপনে সহায়ক হতে পারে, যা রাষ্ট্রের অখণ্ডতার জন্য ঝুঁকিপূর্ণ।
এ প্রেক্ষিতে পিসিসিপি রাষ্ট্রীয় দায়িত্বশীল ব্যক্তিবর্গ, গণমাধ্যম এবং সাধারণ জনগণকে সংবেদনশীল শব্দ ব্যবহারে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে।

