খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় মাইনি নদীতে লাকড়ি সংগ্রহ করতে গিয়ে নিখোঁজ হওয়া ৮ বছরের শিশু মো. আরিয়ানকে মৃত উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
শনিবার (১৪ জুন) দুপুর আনুমানিক ২.৩০ মিনিটের দিকে নিখোঁজ হওয়া স্থান থেকে তাঁকে উদ্ধার করা হয়। এর আগে একই দিন সকাল সাড়ে ৯টার দিকে মাইনি নদীতে লাকড়ি সংগ্রহ করতে গিয়ে অসাবধানতা বসত পানিতে ডুবে নিখোঁজ হয় আরিয়ান।
ঘটনা পরবর্তী উদ্ধার কাজ শুরু ফায়ার সার্ভিসের ডুবুরি দল। টানা প্রায় পাঁচ ঘন্টা প্রচেষ্টার পর দুপুর আড়াইটার দিকে নিখোঁজ শিশু আরিয়ানের লাশ উদ্ধার করা হয়। শিশু আরিয়ান উপজেলার কবাখালী ইউনিয়নের দক্ষিণ মিলনপুর এলাকার মো. জাকির হোসেনের ছেলে। এবং ১ নং কবাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর শিক্ষার্থী বলে জানাযায়।
দীঘিনালা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা পঙ্কজ বড়ুয়া জানান, সকাল সাড়ে নয়টার দিকে মাইনি নদীতে লাকড়ি সংগ্রহ করতে গিয়ে নিখোঁজ হয় ৮ বছরের শিশু আরিয়ান। ঘটনার খবর পেয়েই উদ্ধার কাজ শুরু করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। একপর্যায়ে দুপুর আড়াইটার দিকে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার করা হয়।

