ব্যবসা শুরু করার পর সেটিকে লাভজনক ও টেকসই পর্যায়ে নিয়ে যাওয়াই একজন উদ্যোক্তার সবচেয়ে বড় চ্যালেঞ্জ। শুধু পণ্য উৎপাদন কিংবা বিক্রির দক্ষতা থাকলেই ব্যবসায় সফলতা আসে না; প্রয়োজন আয়-ব্যয়ের সঠিক হিসাব সংরক্ষণ, মূলধনের যথাযথ ব্যবহার, মুনাফা নিরূপণ, সঞ্চয়, বিনিয়োগ পরিকল্পনা এবং আর্থিক ঝুঁকি মোকাবিলার সক্ষমতা। এসব বিষয়ে বাস্তবভিত্তিক জ্ঞান ও দক্ষতা অর্জনের সুযোগ তৈরি করতে খাগড়াছড়িতে ৩০ জন স্থানীয় উদ্যোক্তাকে নিয়ে শুরু হয়েছে দুই দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণ।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) খাগড়াছড়ি সদর উপজেলার মিলনপুর হিলটপ গেস্ট হাউসের সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ শুরু হয়। ‘Financial Management Training for Get Ahead and IYB Training Participants’ শীর্ষক প্রশিক্ষণটি চলবে ১৪ নভেম্বর পর্যন্ত।
প্রশিক্ষণে উদ্যোক্তাদের ব্যবসায়িক কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট আর্থিক ব্যবস্থাপনার মৌলিক ও গুরুত্বপূর্ণ বিষয়গুলো হাতে-কলমে শেখানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। এর মধ্যে রয়েছে ব্যবসার আয়-ব্যয়ের হিসাব রাখা, মূলধন ও ব্যক্তিগত অর্থের মধ্যে পার্থক্য বজায় রাখা, লাভ-ক্ষতি নিরূপণ, বাজেট প্রণয়ন, অর্থের সঠিক ব্যবহার, ভবিষ্যৎ বিনিয়োগ পরিকল্পনা এবং আর্থিক সিদ্ধান্ত গ্রহণের কৌশল। পাশাপাশি ব্যবসা পরিচালনায় সম্ভাব্য আর্থিক ঝুঁকি চিহ্নিত করা এবং সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার বিষয়েও ধারণা দেওয়া হচ্ছে।
প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন মালিয়া ফাউন্ডেশনের ফাইন্যান্স ফ্যাসিলিটেটর সূর্য্যব্রত ত্রিপুরা এবং তৃণমূল উন্নয়ন সংস্থার ফাইন্যান্স অ্যান্ড অ্যাডমিন কর্মকর্তা রুমেন চাকমা। এ সময় জাবারাং কল্যাণ সমিতির প্রকল্প ব্যবস্থাপক দয়ানন্দ ত্রিপুরাসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) বাংলাদেশ কার্যালয়ের ProGRESS প্রকল্পের সহযোগিতায় জাবারাং কল্যাণ সমিতি এ প্রশিক্ষণের আয়োজন করেছে। এতে গেট অ্যাহেড (Get Ahead) ও আইওয়াইবি (IYB) প্রশিক্ষণে অংশগ্রহণকারী স্থানীয় ৩০ জন উদ্যোক্তা অংশ নিচ্ছেন।
প্রশিক্ষণটির গুরুত্ব কেবল দুই দিনের পাঠদানেই সীমাবদ্ধ নয়। বরং এখান থেকে অর্জিত জ্ঞান উদ্যোক্তাদের দৈনন্দিন ব্যবসায়িক কার্যক্রমে প্রয়োগের মাধ্যমে দীর্ঘমেয়াদে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। বিশেষ করে নিয়মিত আয়-ব্যয়ের হিসাব সংরক্ষণ ও প্রকৃত মুনাফা নিরূপণের অভ্যাস গড়ে উঠলে ব্যবসার আর্থিক অবস্থান সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে। একই সঙ্গে অপ্রয়োজনীয় ব্যয় নিয়ন্ত্রণ, মূলধন সুরক্ষা, সঞ্চয় বৃদ্ধি এবং পরিকল্পিত বিনিয়োগের মাধ্যমে ব্যবসাকে আরও সুসংগঠিত করার সুযোগ তৈরি হবে।
এ ছাড়া আর্থিক ব্যবস্থাপনায় দক্ষতা অর্জন উদ্যোক্তাদের ব্যবসা সম্প্রসারণ, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং প্রতিকূল পরিস্থিতিতে আর্থিক ক্ষতি মোকাবিলায় সহায়তা করতে পারে। বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি পর্যায়ের উদ্যোক্তাদের ক্ষেত্রে সঠিক আর্থিক পরিকল্পনা ব্যবসার ধারাবাহিকতা বজায় রাখা এবং দীর্ঘমেয়াদি স্থায়িত্ব নিশ্চিত করার অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি।
সংশ্লিষ্টদের প্রত্যাশা, প্রশিক্ষণে অর্জিত জ্ঞান ও কৌশল বাস্তব ব্যবসায়িক কার্যক্রমে প্রয়োগের মাধ্যমে অংশগ্রহণকারীরা নিজেদের উদ্যোগ আরও দক্ষতার সঙ্গে পরিচালনা করতে পারবেন। এতে একদিকে উদ্যোক্তাদের ব্যক্তিগত ও ব্যবসায়িক সক্ষমতা বাড়বে, অন্যদিকে স্থানীয় পর্যায়ে অর্থনৈতিক কর্মকাণ্ডের প্রসার এবং টেকসই উদ্যোক্তা তৈরির পথও সুগম হবে।
ব্যবসা শুরু করার সক্ষমতার পাশাপাশি সেটিকে সঠিক আর্থিক পরিকল্পনায় পরিচালনা ও দীর্ঘমেয়াদে টিকিয়ে রাখার দক্ষতা তৈরি করাই এ প্রশিক্ষণের মূল লক্ষ্য।

