রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের শুকনোছড়া গ্রামে ইউপিডিএফের বিবাদমান দুই গ্রুপের অভ্যন্তরী কোন্দলের জেরে গোলাগুলিতে অরুণা চাকমা (৩০) নামে এক নারী আহত হয়েছেন।
রোববার (৮ নভেম্বর) রাত আনুমানিক ৮টা ৪৫ মিনিটের দিকে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। গুলিতে তাঁর হাত ও পায়ে আঘাত লেগেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
স্থানীয়দের বরাতে জানা যায়, রাতের দিকে সন্ত্রাসীরা অরুণা চাকমার বাড়ির সামনে এ গোলাগুলি শুরু করে। এসময় তিনি হাতে ও পায়ে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য খাগড়াছড়ির দীঘিনালা হাসপাতালে পাঠান।
আহত অরুণা চাকমার স্বামী ইন্টন চাকমা, যিনি সুরেশ নামেও পরিচিত, বর্তমানে কারাগারে রয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তিনি ইউপিডিএফের চাঁদা কালেক্টর এবং তাঁর বিরুদ্ধে চাঁদাবাজির মামলা রয়েছে।
এ ঘটনায় শুকনোছড়া ও আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে বলে জানা যায়।

